ইউনূস সরকারের সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ইউনূস সরকারের সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সার্বিক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে নেওয়া বিভিন্ন আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রিট আবেদনে এসব বিষয়ে তদন্তের জন্য কমিশন গঠন করে অনুসন্ধান (ইনকয়ারি) পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। জনস্বার্থে করা এই রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের সামনে বিস্তারিত ব্রিফিং করা হবে। এর আগে, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেও তিনি রিট করেছিলেন। তবে সেই রিট হাইকোর্ট খারিজ করে দেয় এবং পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। পরে আপিল বিভাগ সাংবিধানিক শূন্যতা পূরণের স্বার্থে রাষ্ট্রপতির এমন পদক্ষেপকে বৈধ বলে মত দেয়।

সর্বোচ্চ আদালতের সেই মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব পালন শুরু করেন। বর্তমানে নতুন করে দায়ের করা রিটে সেই সময়ের সব কার্যক্রমের আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ায় বিষয়টি আবারও আইনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।