আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন মো. মনিরুজ্জামান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন মো. মনিরুজ্জামান

নওগাঁর আত্রাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মনিরুজ্জামান। গত রোববার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে এই পদে কর্মরত শেখ মো. আলাউল ইসলামের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে সেখানে নতুন করে নিয়োগ পান মো. মনিরুজ্জামান। বিসিএস ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা পূর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা কুষ্টিয়া।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আত্রাই একটি ঐতিহ্যবাহী জনপদ এবং এখানে সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। সাধারণ জনগণের জন্য তার দপ্তর সবসময় উন্মুক্ত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন ইউএনওর নেতৃত্বে আত্রাই উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।