অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র নামে অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৪ মে) দুদক সূত্রে জানা যায়, চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ ও শাখা ব্যবস্থাপকদের দায়িত্বকালীন সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবৈধ সম্পদের উৎস খুঁজতে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকের লকারে পাওয়া সোনার বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিতে শেখ হাসিনা-র পাশাপাশি তার বোন শেখ রেহানা এবং মেয়ের নামও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

এছাড়া, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় ঘোষিত সম্পদের তথ্য গোপনের অভিযোগও উঠেছে। দুদকের দাবি, ওই হলফনামায় প্রায় ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য প্রকাশ করা হয়নি বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।