
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।
রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়েছিল।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবীদের একটি অংশ প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, ভার্চুয়াল আদালত ব্যবস্থায় বিচারপ্রার্থীরা নানা জটিলতার মুখে পড়ছেন এবং স্বাভাবিক বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সব মিলিয়ে আইনজীবীদের আপত্তি এবং প্রশাসনিক পর্যালোচনার পর আপাতত এই ভার্চুয়াল আদালত কার্যক্রম স্থগিত করা হলো বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপনার মতামত লিখুন :