সাতকানিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
সাতকানিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত শনিবার (৩ মে, ২০২৬) সাতকানিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিসের ই-নামজারি কার্যক্রমের অগ্রগতি, মিস মামলার ব্যবস্থাপনা, অর্পিত ও খাস সম্পত্তির হালনাগাদ রেকর্ড সংরক্ষণ এবং দেওয়ানি মামলার এসএফ (Statement of Facts) প্রস্তুতির বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। ভূমি সেবা ডিজিটালাইজেশনের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি অফিসের রেকর্ডরুমের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিভিন্ন রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখার জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সরকার ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

পরিদর্শনকালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।