সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (৩ মে) থেকে। এ উপলক্ষে দেশের সব মেডিকেল কলেজে একযোগে অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ৯টায় শুরু হওয়া এ কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ একসঙ্গে এ অনলাইন অনুষ্ঠানে অংশ নেবে। এতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি মেডিকেল কলেজ নিজস্বভাবে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করবে।

এদিকে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে আজই শুরু হচ্ছে চিকিৎসা শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা। একই দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ’ কর্মসূচিও পালন করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করবেন। ফলে সারাদেশে ১১ হাজারের বেশি বৃক্ষরোপণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ জন এবং ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই শিক্ষার্থীদের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আসবে এবং ভবিষ্যতে দক্ষ চিকিৎসক গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।