প্রাণসায়ের খাল রক্ষায় সাতক্ষীরায় যুবদের মানববন্ধন, পৌর কর্তৃপক্ষকে আল্টিমেটাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
প্রাণসায়ের খাল রক্ষায় সাতক্ষীরায় যুবদের মানববন্ধন, পৌর কর্তৃপক্ষকে আল্টিমেটাম

সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা এবং প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন ও আল্টিমেটাম দিয়েছে স্থানীয় যুবসমাজ। রবিবার (৩ মে) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দেন বক্তারা।

‘প্রাণ সায়ের খালকে আর ময়লার ভাগাড় হতে দেওয়া হবে না’—এমন প্রত্যয়ে যুব-নেতৃত্বাধীন এই কর্মসূচির আয়োজন করা হয় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায়। অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় এটি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলায় প্রাণসায়ের খাল আজ অস্তিত্ব সংকটে পড়েছে। খালের দুই পাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

তারা দ্রুত পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ, খাল থেকে বর্জ্য অপসারণ এবং শহরের কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় পৌরসভার সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র শফিকুল উদ্দৌলা সাগর, জেলা পরিবেশ সংরক্ষণ সংঘের সভাপতি পল্টু বাসার, জিডিএফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও যুব সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে অংশ নেওয়া তরুণরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের কণ্ঠে উঠে আসে—‘প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী গড়ি’, ‘ডাস্টবিনে ফেলি বর্জ্য, পরিচ্ছন্ন শহর গড়ি’ ইত্যাদি স্লোগান।

আন্দোলনরত যুব প্রতিনিধিরা জানান, প্রাণসায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সাতক্ষীরাকে দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য শহরে পরিণত করাই তাদের লক্ষ্য। এজন্য তারা নিয়মিত নজরদারি অব্যাহত রাখবেন বলেও জানান।

মানববন্ধন থেকে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।