১৭ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
১৭ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর, এনএসআই-এর পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

তালিকায় আরও রয়েছেন নোয়াখালী ও খুলনা পিটিসির কমান্ড্যান্ট, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ডিআইজিরা। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং হাইওয়ে পুলিশের একাধিক ডিআইজিও এই তালিকায় রয়েছেন।

একই আদেশে রেলওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।