চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস জানিয়েছে, ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক গতিতে চলমান রয়েছে। রোববার (৩ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১১০টি হজ ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। এছাড়া সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন হজযাত্রী স্বাস্থ্যসেবা পেয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইনসের ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট ৩৪ হাজার ৫৪৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরবে যাবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটে ৪১৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন বাংলাদেশে ফিরে আসবে বলে হজ অফিস সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :