
সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে একদল নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজন শ্রমিক প্রাণ হারান।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরুজ আলী (৬০), মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার বদরুল (৩০) এবং দিরাই উপজেলার ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন বিভিন্ন জেলার বাসিন্দা কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি, আর আহতদের স্বজনরা হাসপাতালের সামনে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন।
আপনার মতামত লিখুন :