সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থাপিত শুনানিতে অংশ নেন মীর আহমেদ আলী সালাম। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

চার্জশিটে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখান প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা। তবে দুদকের তদন্তে তার প্রকৃত সম্পদের পরিমাণ পাওয়া যায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা। তদন্তে আরও উঠে আসে, বৈধ আয়ের উৎস হিসেবে তার পাওয়া যায় প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকার মতো। ফলে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, এসব অবৈধ অর্থের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত সূত্র।