
‘গণমাধ্যমের কণ্ঠরোধ মানেই রাষ্ট্রের ক্ষতি’ এবং ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’—এমন প্রতিবাদী স্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।
রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচিতে তারা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
সমাবেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং কারাগারে থাকা সকল সাংবাদিকের মুক্তির দাবিতে সোচ্চার হন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নেমে আসে মামলা ও হামলার চাপ, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, গণমাধ্যমকর্মীদের দমিয়ে রাখতে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করা হচ্ছে।
কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রকে শক্তিশালী করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত কর’, ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর’ এবং ‘কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাও’ ইত্যাদি।
বক্তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকরা কোথাও নিরাপদ নন; গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনা বাড়ছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী, নাগরিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সংহতি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :