সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৩ মে) সকালে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যোগ দিয়েছেন। সকাল সোয়া ১০টার কিছু পর তিনি সম্মেলনস্থলে পৌঁছান, যা প্রশাসনিক অঙ্গনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই বার্ষিক সম্মেলনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও নীতিনির্ধারণী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালনকারী ডিসিদের অভিজ্ঞতা ও প্রস্তাবের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

৩ মে থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে। এর মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সহজলভ্য করা, প্রতিটি উপজেলা হাসপাতালে অন্তত একটি অ্যাম্বুলেন্স সরবরাহ, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন এবং জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য যাচাই কেন্দ্র স্থাপন উল্লেখযোগ্য।

এছাড়া অন্তবর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ৪৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। দিন শেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিন (৪ মে) অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন ডিসিরা। তৃতীয় দিন (৫ মে) সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা হবে এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

সম্মেলনের শেষ দিন (৬ মে) স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে রাতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।