সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের বাসিন্দা এবং জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে শাকিল রডমিস্ত্রীর কাজের জন্য সখীপুরে আসেন এবং দেবরাজ গ্রামের একটি বাড়িতে অন্য শ্রমিকদের সঙ্গে ভাড়া থাকতেন। ফোরম্যান রাজীব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে বেলা দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সহকর্মীদের বরাতে জানা গেছে, কাজের জায়গায় আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিলের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বকুল বলেন, শ্রমিকরা তার একটি ঘরে ভাড়া থাকতেন এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।