শ্রীপুরে প্রবাসীর বাড়ি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
শ্রীপুরে প্রবাসীর বাড়ি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর মালিকানাধীন বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

রবিবার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকার ফকিরবাড়ী রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর আলম জানান, ২০১৭ সালে তার বাবা ৫.২৫ শতাংশ জমিসহ একটি পাঁচতলা ভবন তার ও ছোট ভাই মো. আল আমিনের নামে রেজিস্ট্রি করে দেন। পরে তার ভাই আল আমিন নিজের অংশ—২.৬২৫ শতাংশ জমি ও ভবনের অংশ—১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৩০০ টাকায় তার কাছে বিক্রি করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী তিনি নামজারি, খারিজ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে সম্পত্তির বৈধ মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। তবে তার ভাই আল আমিন ও তার স্ত্রী স্বপ্না আক্তার বিভিন্ন কৌশলে ভবনটি দখলে রেখে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রবাসী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বিষয়টি নিয়ে ২০১৮ সালে দেওয়ানি মামলা হলেও পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে আল আমিন ২০ লাখ টাকা গ্রহণ করে ভবন ছাড়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তারা ভবন ছাড়েননি, বরং এখনো সেখানে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, দেশে ফিরে একাধিকবার অনুরোধ করা হলেও তারা ভবন ছাড়েননি এবং উল্টো তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত স্বপ্না আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বাড়িটির প্রকৃত মালিক তার স্বামী। তবে দলিলে স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছিল।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে অভিযুক্ত পক্ষ উপস্থিত হয়নি। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।