শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু, উদ্বোধন করলেন এমপি ডা. বাচ্চু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু, উদ্বোধন করলেন এমপি ডা. বাচ্চু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পারুলিয়া ও বিন্দাই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইউজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে খাল দুটি খননে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটিরও বেশি টাকা। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল, ফলে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. বাচ্চু বলেন, সরকারের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে খাল, নদী ও জলাধার পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের গুরুত্বপূর্ণ এ দুটি খালের কাজ শুরু হলো। তিনি আশা প্রকাশ করেন, খনন কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রকল্প পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ভুঁইয়া বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে এবং কাজের মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতো এবং কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতো। খনন কাজ দ্রুত শেষ হলে তারা এ সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় খাল থেকে পলি অপসারণ, তীর সংরক্ষণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ শেষ হলে শ্রীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।