
র্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রোববার সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল আযম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কওসার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর কাদের এবং সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা ও হয়রানিসহ সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রতিবছর ৩ মে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়, যার উদ্দেশ্য সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদনের পর থেকে দিবসটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে আসছে।
বক্তারা আরও উল্লেখ করেন, এবারের প্রতিপাদ্য ছিল— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :