
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ক্যাটাগরি ‘জেড’-এ অন্তর্ভুক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ওয়েবসাইটে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে আজ থেকেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ার লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে কার্যকর হয়েছে।
‘জেড’ ক্যাটাগরি শেয়ারবাজারের সর্বনিম্ন স্তর হিসেবে বিবেচিত হয়, যেখানে সাধারণত দুর্বল আর্থিক অবস্থার কোম্পানি বা ধারাবাহিকভাবে লভ্যাংশ দিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়। বিনিয়োগকারীদের কাছে এসব শেয়ারকে উচ্চঝুঁকিপূর্ণ বা ‘জাঙ্ক স্টক’ হিসেবেও দেখা হয়।
নতুন করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
ডিএসই সূত্রে জানা যায়, পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এসব ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে এখন থেকে মার্জিন ঋণ সুবিধাও পাওয়া যাবে না।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই কারণে ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক পিএলসিকেও ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছিল। ওই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একইভাবে ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :