শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত ঘটনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে শাপলা চত্বরেই অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। তার ভাষায়, “আমরা সব প্রমাণ পেয়েছি।”

তিনি আরও দাবি করেন, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যাচ্ছে। এমনকি আর্থিক সহায়তার বিষয়েও প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানান তিনি।

এছাড়া তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কিছু ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও তদন্তের আওতায় আনা হচ্ছে। গত দেড় বছর ধরে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, ওই রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান চালানো হয়। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের আরও কয়েকজনের নামও মামলায় অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে মামলায় ২৫ জনের বেশি আসামি রয়েছে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী ধাপ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।