
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর ফলে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, শনিবার (২ মে) থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় বহু এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে পৃথক হামলায় তিনজন নিহত হন। কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় আরও দুইজন প্রাণ হারান।
এছাড়া লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় তিনজন এবং শৌকিন এলাকায় আরেকটি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে এনএনএ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত ৪১ জনের মধ্যে এই হামলাগুলো উল্লেখযোগ্য। চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।
এদিকে ইসরাইলি বিমান বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও নতুন করে বিমান হামলা চালিয়েছে।
গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘনের অভিযোগ উঠছে। ইসরাইলের দাবি, তাদের হামলার লক্ষ্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান ও সদস্যরা। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠায় দক্ষিণ লেবাননে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।
আপনার মতামত লিখুন :