মুরাদনগরে বাড়ির উঠানে গাঁজা চাষ, অটোচালক আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
মুরাদনগরে বাড়ির উঠানে গাঁজা চাষ, অটোচালক আটক

কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।

রোববার (৩ মে) ভোররাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তার বাড়ি ঘেরাও করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা চাষের কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে চারটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।