
মাদারীপুরে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২ মে) বিকেলে দেশব্যাপী একযোগে এই আয়োজনের সূচনা হয়, যার অংশ হিসেবে মাদারীপুর জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
কেন্দ্রীয়ভাবে সিলেট জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এর সাথে সমন্বয় রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে আয়োজন সম্পন্ন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। এছাড়াও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব। অন্যদিকে সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার উল্লেখ করেন, মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের বের করে মাঠমুখী করতে এই ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে এবং তাদের বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :