বাজারে আকস্মিক পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, যা দেখলেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
বাজারে আকস্মিক পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, যা দেখলেন

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৩ মে) বিকেলে তিনি রাজধানীর কারওয়ানবাজারের চিকেন মার্কেট এলাকায় বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় মন্ত্রী ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে ডিলার পর্যায় থেকেও সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে তারা মন্ত্রীকে অবহিত করেন। তারা আরও বলেন, বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের চাহিদা সবচেয়ে বেশি, কারণ ক্রেতারা এখন খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বাজারে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার বোতলজাত তেল ১৯৫ টাকা এবং ২ লিটার বোতলজাত তেল ৩৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা জানান, বাজারে এখন তুলনামূলকভাবে তেলের সরবরাহ ভালো এবং আগের চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করে দাম কমানো হবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।