বড়াইগ্রামে ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী পলাতক আসামি মো. ইকবাল হোসেন রিপন (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-০৫ ও র‍্যাব-১২ এর একটি যৌথ আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতারকৃত রিপন পাবনার আমিনপুর এলাকার বাসিন্দা এবং বড়াইগ্রাম থানার ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরবর্তীতে তাকে বড়াইগ্রাম থানার হত্যা মামলায় (মামলা নং-০৯, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫, পেনাল কোডের ৩৬৪/৩০২/৩৪ ধারা) গ্রেফতার দেখিয়ে পাবনা সদর থানার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।