
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পরে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সলিসিটর কার্যালয় ইতিমধ্যে আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার পদত্যাগ চূড়ান্তভাবে কার্যকর হবে।
সূত্র আরও জানায়, তার পদত্যাগের পেছনে প্রধান কারণ হিসেবে সামনে এসেছে আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন। তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন রেজাউল করিম খন্দকার। নির্বাচনী আচরণবিধি ও পেশাগত স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই তিনি সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তার এই পদত্যাগকে কেন্দ্র করে আইন অঙ্গনে নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, আসন্ন বার নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে রাজনৈতিক ও পেশাগত তৎপরতা আরও বেড়ে যেতে পারে।
আপনার মতামত লিখুন :