নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বেরিয়ে প্রচলিত প্রোটোকল ভেঙে সরাসরি জনতার মাঝে হেঁটে গিয়ে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (৩ মে) দুপুরে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণত যেমন কনভয়ে করে দ্রুত প্রস্থান করার রীতি, সেদিন তার ব্যতিক্রম দেখা যায়। অনুষ্ঠান শেষে মিলনায়তনের দরজা দিয়ে বের হয়ে প্রধানমন্ত্রী হেঁটে সচিবালয়ের দিকে রওনা দেন। এ সময় তিনি রাজপথে থাকা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে যান।

সরেজমিনে দেখা যায়, মিলনায়তনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা ছিল তুলনামূলকভাবে শিথিল। ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ পান। দুপুর ২টা ৬ মিনিটের দিকে তিনি জনতার কাতারে নেমে আসেন। রাস্তায় উপস্থিত অনেকেই তাকে সালাম জানান, আর প্রধানমন্ত্রীও হাত নেড়ে ও সালামের জবাব দিয়ে তাদের অভিবাদন গ্রহণ করেন।

এই অপ্রচলিত দৃশ্য নগরবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে জনসম্পৃক্ততার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। এর আগে একই দিনে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মাঠ প্রশাসনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য চূড়ান্ত করা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সময়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রোটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে এমন সরাসরি সংযোগ—রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।