নিরাপত্তার নিশ্চয়তা পেলে দুদিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত সাকিব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দুদিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত সাকিব

দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে দুই দিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের মুম্বাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে -কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন টাইগার এই অলরাউন্ডার। সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে তার কোনো আপত্তি নেই। তবে এজন্য প্রয়োজন হয়রানি না করার নিশ্চয়তা এবং স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব। দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো—এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। আমি অতিরিক্ত কিছু চাই না, শুধু স্বাভাবিক নিরাপত্তা আর আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার নিশ্চয়তা চাই। এটা নিশ্চিত করা হলে আমি পরশুই দেশে ফিরতে পারি।”

সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় চেক বাউন্সের মতো সাধারণ মামলাগুলোও নিষ্পত্তি করতে পারছেন না। প্রায় দেড় বছর তদন্ত চললেও তার বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের অক্টোবর মাসে দেশে ফেরার একটি চেষ্টা ব্যর্থ হওয়ার কথাও উল্লেখ করেন সাকিব। তিনি জানান, তৎকালীন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেই দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন। কিন্তু দুবাইয়ে পৌঁছানোর পর হঠাৎ করেই তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে ফিরে যান।

জুলাই আন্দোলন চলাকালে নিজের নীরবতা এবং একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস নিয়েও কথা বলেন এই ক্রিকেটার। তিনি দাবি করেন, সে সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করায় পরিস্থিতির গভীরতা প্রথমে বুঝতে পারেননি এবং ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে আপডেট থাকা সম্ভব হয়নি। আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “প্রতিটি জীবনের মূল্য সমান।”

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য সাকিব বলেন, তিনি যে দলে যুক্ত হয়েছেন, তার প্রতি অনুগত থাকবেন। ৫ আগস্টের পর দেশে ফিরতে না পারার ঘটনাকে তিনি “সাজানো মব” হিসেবে উল্লেখ করেন।