
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে আজিপুর-ধানসুরা সড়কের বনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোহাগ মোটরসাইকেলে করে তার বোনজামাই রবিউলকে পৌঁছে দিতে রওনা দেন। পথে বনিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা জানান, রবিউল আওয়াল জিসান নওগাঁর একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ছুটিতে শ্বশুরবাড়িতে এসেছিলেন। রোববার ভোরে তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকামল চন্দ্র দেবনাথ জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :