যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। মরদেহ বহনকারী ফ্লাইটটি এখন ঢাকার পথে রয়েছে এবং আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি। দূতাবাস জানায়, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হচ্ছে। পুরো প্রক্রিয়া তদারকি করেছেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, পরিবারের সদস্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি ও প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে টাম্পার একটি ইসলামিক সেন্টারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, শিক্ষার্থী, স্বজন এবং কূটনৈতিক কর্মকর্তারা অংশ নেন।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করেছে। তার মরদেহও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জানায়, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে তারা ওয়াশিংটন দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :