দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার—এ নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না।”
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি জনমুখী ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাকে প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন তিনি। কৃষি খাত নিয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পান এবং সার, বীজ ও সেচ সহজলভ্য থাকে তা নিশ্চিত করতে হবে। কৃষিকে শুধু উৎপাদন নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।
জ্বালানি ব্যবস্থাপনায় সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আরও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দেন তিনি। বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ ইচ্ছেমতো বাড়াতে না পারে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।
আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারা বছরব্যাপী স্কুল-কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলা চালু রাখা উচিত এবং জেলা পর্যায়ের সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
ভালো কাজের স্বীকৃতি দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জীবন বাজি রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তি ও ভালো পারফর্ম করা শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার ব্যবস্থা করা হবে। সমাপনী বক্তব্যে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :