রাষ্ট্রপতি বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রতিনিধি হলেও সর্বোপরি তারা জনগণের সেবক—এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে। তিনি জেলা প্রশাসকদের জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
রোববার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সহ জাতীয় নেতৃবৃন্দের অবদানও স্মরণ করেন।
তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি নির্ধারণ ও মাঠ পর্যায়ের বাস্তবায়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। এতে মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়, যা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবামুখী মনোভাব নিয়ে প্রশাসনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
তিনি জেলা প্রশাসকদের জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সহজ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলা, বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও অপচয় রোধে কঠোর মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, গুজব, অপতথ্য ও অনলাইন অপরাধ দমনে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে।
রাষ্ট্রপতি ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নারী ও শিশু সুরক্ষা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপরও জোর দেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি ফটোসেশনে অংশ নেন।তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :