রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জশিট দাখিল করা হয়। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিদের ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনার ভিত্তিতে অন্যান্য আসামিরা সমন্বিতভাবে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের উদ্দেশ্য ছিল সারা দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে কঠোরভাবে দমন করা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর আশিক নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিটে ৪০ জনকে অভিযুক্ত করে এবং অপর ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করে। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে রয়েছে।
আপনার মতামত লিখুন :