গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গঠিত কাঠামো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, সেটি এখন বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু আইন বা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ না থেকে চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশে মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হলে সরকার, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রথমবারের মতো আয়োজিত ‘মুক্ত গণমাধ্যম দিবস’ সফলভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও অংশীজনদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের আয়োজন গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।