
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গত শনিবার সীতাকুণ্ড উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার মাধ্যমে এসব গুণাবলি তৈরি হলে ভবিষ্যতে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে উঠবে। তিনি বলেন, “প্রচণ্ড বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের খেলা ছিল প্রশংসনীয়। জয়-পরাজয় জীবনের অংশ, পরাজয়কে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে।”
উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে এবারের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৬ এপ্রিল শুরু হওয়া প্রতিযোগিতাটি গ্রুপ পর্ব, নকআউট ও সেমিফাইনাল শেষে ফাইনালে পৌঁছায়।
বালিকা বিভাগের ফাইনালে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :