এলপি গ্যাসের দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর

মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি মাসেও সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মে) এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সংস্থাটি জানায়, নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এর আগে গত মাসে এলপিজি সিলিন্ডারের দামে দুই দফা সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।

এদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা।

এর আগে এপ্রিল মাসে অটোগ্যাসের দামে দুই দফা সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল বড় ধরনের বৃদ্ধি করে দাম ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও সমন্বয়ের মাধ্যমে তা ৮৯ টাকা ৫০ পয়সায় উন্নীত করা হয়। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্য ও অন্যান্য উপাদান বিবেচনায় প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়।