ঈদুল আজহায় চাহিদার তুলনায় ২২ লাখের বেশি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে: প্রাণিসম্পদ মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
ঈদুল আজহায় চাহিদার তুলনায় ২২ লাখের বেশি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবছর চাহিদার তুলনায় প্রায় ২২ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে, ফলে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন পরিস্থিতি নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মন্ত্রী জানান, চলতি বছর কোরবানির জন্য দেশের সম্ভাব্য পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্য পশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অর্থাৎ প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকবে বলে হিসাব করা হয়েছে।

প্রজাতিভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি। তিনি আরও জানান, কোরবানির পশু পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

ঢাকায় এবছর ২৬টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং সাদা পোশাকেও নজরদারি থাকবে।মন্ত্রী জানান, অনলাইনে পশু কেনাবেচায় কোনো ধরনের খাজনা বা হাসিল দিতে হবে না। একই সঙ্গে কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।