আত্রাইয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
আত্রাইয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মিক মুক্তির পথপ্রদর্শক। আত্রাইয়ের পতিসর ও নাগর নদীর তীরে তাঁর স্মৃতিচিহ্ন এই অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, রবীন্দ্রজয়ন্তী যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িকতা ও সৃষ্টিশীলতার বার্তা ছড়িয়ে দেয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, আত্রাইয়ের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে বিশ্বকবির নাম গভীরভাবে জড়িত। কৃষি উন্নয়ন ও সমবায় ভাবনায় তাঁর অবদান আজও প্রাসঙ্গিক।

এ সময় আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা প্রসেনজিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় রবীন্দ্র মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতাসহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপস্থিত সবাই অনুষ্ঠান সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।