
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার (২ মে ২০২৬) বিকেলে দেশব্যাপী একযোগে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মো. কামরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহি। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা অংশ নেন।
১৯৭৬ সালে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের ধারাবাহিকতায় এবার ক্রীড়াভিত্তিক এই আয়োজন নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য ভাতা, জার্সি এবং সনদপত্র প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :