এক কার্যদিবসে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশনায় পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ রেকর্ড সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এক দিনে এত বিপুলসংখ্যক পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হাইকোর্টের ইতিহাসে একটি নতুন রেকর্ড।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে।
তিনি আরও জানান, বিশেষ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে সর্বমোট ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং বিচার ব্যবস্থার গতি বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম চলমান থাকবে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।