গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা সোহরাব-উন-নুর ছিরু মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, তিনি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২৮ জুলাই ২০২৬ থেকে তিনি আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।
লিখিত বক্তব্যে সোহরাব-উন-নুর ছিরু মিয়া বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বিএনপির থানা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ সালে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে কীভাবে বা কার মাধ্যমে তাকে আওয়ামী লীগের সদস্য করা হয়েছে, তা তিনি জানেন না। ৫ আগস্টের পর তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদের টোকেন সংগ্রহ করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।