কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরকে (এস কে সুর) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি এস কে সুরকে কারাগার থেকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। পরে আদালত সাজা পরোয়ানা জারি করে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর এস কে সুর নিজ স্বাক্ষরে ওই নোটিশ ও সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করেন। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেননি।

পরে এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৫ জুলাই আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দুদকের দায়ের করা এ মামলায় সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।