২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে এবং বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।
সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে সঠিকভাবে সংযুক্ত করতে হবে। অনলাইনে জমা দেওয়া তথ্যের বাইরে কোনো দাবি গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের বয়সের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম অথবা ১৮ বছরের বেশি হলে তার নিবন্ধন গ্রহণযোগ্য হবে না।
বিভাগ বা গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জমা দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্ধারণ করা যাবে।
তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠন করতে হবে। চূড়ান্তভাবে তথ্য জমা দেওয়ার আগে ভর্তি ফরমের সঙ্গে অনলাইনের তথ্য মিলিয়ে দেখবে কমিটি। এ কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। কোনো ভুল বা অনিয়মের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন করতে হলে দিতে হবে ৩৩৬ টাকা, যার মধ্যে ১৫০ টাকা বিলম্ব ফি রয়েছে। রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে এ অর্থ নির্ধারণ করা হয়েছে।
ফি পরিশোধের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওইএমএস/ই-এসআইএফ ব্যবস্থায় ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘ই-এসআইএফ এসএসসি ২০২৬’ অপশন থেকে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করতে পারবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টা পর পেমেন্ট নিশ্চিত হলে ই-এসআইএফ পূরণ করা যাবে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বাবদ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বিশ্ব স্কাউট সংস্থার ফি বাবদ ৪০০ টাকা নির্ধারিত নিয়মে জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বা নবায়ন হালনাগাদ নেই, তাদের নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে নবায়নের আবেদন করতে হবে। সম্প্রতি স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ঢাকা শিক্ষা বোর্ড সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা কোনো জটিলতা সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।