ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধানদের প্রতিকৃতি পরিদর্শনের সময় বাবা, শহীদ রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের ছবি দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেনাসদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। পরে সেনাপ্রধান নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সেনাবাহিনীর সাবেক প্রধানদের প্রতিকৃতি গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল। প্রতিকৃতি পরিদর্শনের একপর্যায়ে জিয়াউর রহমানের ছবির সামনে এসে প্রধানমন্ত্রী কিছুক্ষণ থমকে দাঁড়ান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক, সুসংগঠিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার কোনো স্থান থাকা উচিত নয়। বরং মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ জন্য সেনাবাহিনী প্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।