সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতা পদত্যাগ করেছেন। কমিটির কার্যক্রম ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন— সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মো. জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), মো. আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, শেখ শাহাজাহান আলী ও মো. দেলোয়ার হোসেন সুজন। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির (রেজিঃ নং-১২৮০) সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করা হয়। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দ অনুযায়ী ৯ সদস্যের একটি কমিটি গঠন করে শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদন নিয়ে আসেন, যার বিষয়ে তারা অবগত ছিলেন না বলে দাবি করেন।
তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার অবহিত করা হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বরং বিষয়টি এড়িয়ে সময়ক্ষেপণ করেছেন।
পদত্যাগপত্রে আরও বলা হয়, “সভাপতি ও সাধারণ সম্পাদকের এ ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে আমরা ৮ জন কর্মকর্তা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছি এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছি।”
এদিকে পদত্যাগকারীরা সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তাদের আরও অভিযোগ, সাধারণ সভায় অনুমোদিত ১৯ সদস্যের কমিটির মধ্যে তিনজন কর্মকর্তা এবং শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদিত ৯ সদস্যের কমিটির একজন কর্মকর্তার নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি না থাকা সত্ত্বেও তাদের সমিতির কর্মকর্তা পদে বহাল রাখা হয়েছে বলে তারা দাবি করেন।