সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি, সাইফুল ইসলাম  প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে পরিবেশবান্ধব সবুজ ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদের অর্থায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার দেওদিঘী মাদার্শাস্থ দারসুল কুরআন একাডেমী বাংলাদেশ (প্রকাশ তাজমহল ক্লাব) প্রাঙ্গণে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে ঘর সংস্কার ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।