ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা। এ ছাড়া হাসপাতালের লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা পরিচালনায় সব ধরনের নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এর আগে নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে বিভিন্ন বিষয় পর্যালোচনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষের আপিল ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পুনরায় হাসপাতালটির কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলো।