ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তুলা রায় (৩৪) ওই গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুলা রায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ নিজের মোবাইল ফোন থেকে ফেসবুক লাইভে যুক্ত হন। লাইভে এসে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশা ও দুঃখের কথা তুলে ধরেন।
একপর্যায়ে লাইভ চলাকালেই তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক নানা জটিলতা ও মানসিক চাপের কারণে তিনি হতাশায় ভুগছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ঘটনার পর খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।