মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান, সীমান্ত অপরাধ, অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকরা জেলার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা। এজন্য পুলিশকে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সেবামূলক কার্যক্রম আরও দৃশ্যমান ও জনবান্ধব করতে হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের যারা সহযোগিতা বা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেবে। আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত অনলাইন প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সাতক্ষীরা জেলায় এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।