বুড়িমারীতে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সড়কে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ করে রুপি ছিনতাই ও কুপিয়ে আহত করার ৭ বছর আগের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের আদেশ অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিদের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের আগস্টে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক বুড়িমারী সড়কে বিকল হয়ে যায়। এ সময় চালক লক্ষ্মীনন্দর সিংকে ট্রাক উদ্ধারের জন্য ক্রেনের ব্যবস্থা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা ভারতীয় রুপি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মতিয়ার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষীদের সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে সীমান্ত এলাকায় বিদেশি চালক ও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে ইতিবাচক বার্তা যাবে। এদিকে মামলার পলাতক আসামি সবুজকে গ্রেপ্তারে আদালত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।