বাগেরহাটে নির্বাচন-পরবর্তী তরুণদের ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি, জী এম নূরুল হুদা প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নির্বাচন-পরবর্তী সময়ে তরুণদের প্রত্যাশা, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বাগেরহাটে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের এনইডি (NED) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের সক্রিয় নাগরিকত্ব, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় উন্নয়নে তাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

সোমবার (২৭ জুলাই) বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর এস. কে. হাসিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক (রাহাদ)। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি। তিনি অংশগ্রহণমূলক গণতন্ত্র, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় ইয়ুথ এন্ডিং হাঙ্গার (খুলনা অঞ্চল)-এর আঞ্চলিক সমন্বয়কারী সাবরিনা আক্তার শান্তা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাগেরহাট জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জেলা সমন্বয়কারী মো. সাহেদ হাসান জেলার বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সংলাপে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, যুব নেতৃত্ব এবং নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে সুশাসন, সামাজিক সম্প্রীতি, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রমে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।